বান্দরবানের রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মূল সড়কে যত্রতত্র মোটরসাইকেল ও যানবাহন পার্কিংয়ের কারণে শিক্ষার্থীদের যাতায়াত এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন শত শত শিক্ষার্থী প্রাণহানির আশঙ্কা নিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের উদাসীনতায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন অভিভাবক ও সচেতন মহল।
অবৈধ পার্কিংয়ে রুদ্ধ চলাচলের পথ সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান ফটক ও এর আশপাশের সড়ক দখল করে প্রতিনিয়ত অসংখ্য মোটরসাইকেল, সিএনজি এবং ছোট-বড় পণ্যবাহী গাড়ি পার্ক করে রাখা হচ্ছে। বিশেষ করে স্কুল শুরু এবং ছুটির সময়ে এই জটলা তীব্র আকার ধারণ করে। সড়কের দুই পাশ দখল হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের সরু পথ দিয়ে অত্যন্ত সাবধানে চলাচল করতে হয়। এতে প্রায়ই ছোটখাটো ধাক্কা বা আহতের ঘটনা ঘটছে।বিগত দুর্ঘটনার ক্ষত ও বর্তমান আতঙ্ক উল্লেখ্য যে, মাত্র কয়েক মাস আগেই এই নির্দিষ্ট স্থানে এক শিক্ষার্থী বাসচাপায় প্রাণ হারিয়েছিল। সেই মর্মান্তিক ঘটনার পর কিছুদিন কড়াকড়ি থাকলেও বর্তমানে পরিস্থিতি আবারও আগের অবস্থায় ফিরে গেছে। ওই শোকাবহ ঘটনার স্মৃতি এখনো কাটেনি, তার ওপর বর্তমানের এই বিশৃঙ্খল পার্কিং অভিভাবকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
একজন উদ্বিগ্ন অভিভাবক বলেন,
"আমরা প্রতিদিন সন্তানদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে থাকি। রাস্তা পার হওয়ার কোনো জায়গা নেই। চারদিকে গাড়ি আর মোটরবাইকের জটলা। গতবারের দুর্ঘটনার মতো আর কোনো মায়ের বুক খালি হোক, সেটা আমরা চাই না।"


0 মন্তব্যসমূহ