বান্দরবানে গভীর শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ক্যামলং পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং বর্ষীয়ান সাংঘিক ব্যক্তিত্ব ভদন্ত উইচিত্তাসারা মহা থেরের জাতীয় অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠান ও স্মরণসভা ০৪ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রয়াত এই মহান ধর্মগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাচিংপ্রু জেরী এমপি। তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং স্মরণসভায় অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিক্ষু সংঘ, ধর্মপ্রাণ বৌদ্ধ সম্প্রদায়ের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণ। বিহার প্রাঙ্গণে ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও স্মৃতিচারণের মাধ্যমে প্রয়াত মহা থেরকে স্মরণ করা হয়।
এ সময় এমপি সাচিংপ্রু জেরী বলেন,
“ভদন্ত উইচিত্তাসারা মহা থের ছিলেন একজন মহান ধর্মগুরু। তাঁর জীবন, ত্যাগ ও সাধনা আমাদের জন্য অনুকরণীয়। তিনি শান্তি ও মানবকল্যাণের যে বার্তা দিয়ে গেছেন, তা আমাদের সমাজকে আলোকিত করবে।”
তিনি আরও বলেন, এই ধরনের মহান ব্যক্তিত্বের অবদান কখনো বিস্মৃত হওয়ার নয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা দিকনির্দেশনা হয়ে থাকবে।
ভদন্ত উইচিত্তাসারা মহা থের তাঁর দীর্ঘ জীবনে ধর্মীয় শিক্ষা, নৈতিকতা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মাঝে বিশেষ স্থান অর্জন করেছিলেন। তাঁর প্রয়াণে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

0 মন্তব্যসমূহ